মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রকে গর্বিত করে সর্বভারতীয় স্বীকৃতি পেলেন দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ। মুম্বইয়ে আয়োজিত ‘এশিয়া এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘প্রিন্সিপাল অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করা হল পূর্বস্থলি-২ গভঃ আইটিআই-এর অধ্যক্ষ সৈয়দ মোশারফ হোসেন এবং তেহট্ট গভঃ আইটিআই-এর অধ্যক্ষা স্বস্তিকা পালকে।এই আন্তর্জাতিক মানের সম্মান অর্জন করেছেন তারা শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল শিক্ষার প্রসার, এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগে অসামান্য অবদান রাখার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত শিক্ষা পরামর্শদাতা ডঃ মরিস কেনেথ ডিমক এবং গবেষক ও লেখক ডঃ নাতাশা মেন্টা, যাঁদের হাত থেকে এই দুই শিক্ষাবিদ পুরস্কার গ্রহণ করেন।
সৈয়দ মোশারফ হোসেন ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা, বি.টেক ও এম.টেক ডিগ্রি অর্জন করেছেন। তিনি মহিলা সুরক্ষার জন্য ‘ইনোভেটিভ সেফটি শু ডিভাইস’ উদ্ভাবনের মাধ্যমে India Book of Records, Asia Book of Records ও Jackhi Book of World Records-এ স্বীকৃতি পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকেও পেয়েছেন সেরা উদ্ভাবনের পুরস্কার (২০২৩)।
অন্যদিকে, স্বস্তিকা পাল ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক ও এম.টেক ডিগ্রিপ্রাপ্ত। তিনি আরডুইনো-ভিত্তিক স্মার্ট সেফটি শু তৈরি করে নারী সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পুরস্কৃত হন।

All Rights Reserved © Copyright 2026 | Design & Developed by Webguys Direct