সাচার রিপোর্টের পর ‘এনএসএসও’-এর রিপোর্টও বলছে মুসলিমরা এসসি/এসটি-দের থেকে আরও পশ্চাদপদ
জাইদুল হক
সাচার রিপোর্টের পর এবার ভারতীয় মুসলিমদের প্রকৃত অবস্থার কথা ফের তুলে ধরল কেন্দ্রীয় সরকারে সমীক্ষা সংস্থা এনএসএসও বা ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস।
গত ১৯ মে কেন্দ্রীয় সরকারের পক্ষে এনএসএসও ‘এডুকেশন ইন ইন্ডিয়া : ২০০৭-২০০৮, পার্টিসিপেশন অ্যান্ড এক্সপেনডিচার’ ['NSSO' Reports on "Education in India, 2007-2008 : Participation and Expenditure"]শীর্ষক এক সমীক্ষা পত্র প্রকাশ করে। তাতে দেখা গেছে ভারতের সংখ্যালঘু মুসলিমরা তপশিলী জাতি ও উপজাতি তথা ওবিসিদের তুলনায় উচ্চবিদ্যালয় ও উচ্চশিক্ষালয়ে খুব কম যায়।
এই রিপোর্ট বলছে প্রতি ১০০ জন মুসলিম ছাত্রদের মধ্যে মাত্র ১০ জন উচ্চ বিদ্যালয় বা উচ্চ শিক্ষালয়ে যায় যেখানে তপশিলী জাতিদের আনুপাতিক হার ১১ শতাংশ, তপশিলী উপজাতিদের ১২ শতাংশ এবং অন্যান্য অনগ্রসর জাতিদের ১৪ শতাংশ।
অন্যদিকে গ্রামের মুসলিমদের মধ্যে স্কুলে যাওয়ার হার শহরের মুসলিমদের থেকে বেশি। শহরে বসবাসকারী মুসলিমদের মধ্যে মাত্র ৭ শতাংশ যেখানে উচ্চবিদ্যালয়ে বা উচ্চশিক্ষালয়ে যায় সেখানে গ্রাম্য এলাকায় মুসলিমদের মধ্যে যায় ১২ শতাংশ।
ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের এটি হল ৬৪ রাউন্ড সমীক্ষা যা গ্রহণ করা হয়েছে ২০০৭ সালে জুলাই মাস থেকে ২০০৮ সালের জুন মাস পর্যন্ত।
এই সময় কালের মধ্যে ৪৪৫৯৬০ জনের মধ্যে সমীক্ষা চালায় এনএসএসও। ৬৩৩১৮ টি গ্রাম্য এলাকার এবং শহর এলাকার ৩৭২৬৩ টি বাড়ির মানুষদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষা চালানো হয় ৭৯৫৩ টি গ্রাম জুড়ে এবং ৪৬৮২ টি শহরের ব্লকে।
৫৯০ পাতার এই সুদীর্ঘ রিপোর্টটি আরও একবার প্রমাণ করল ভারতের সংখ্যালঘুরা এখনও কতটা পশ্চাদপদ।